নিজস্ব প্রতিবেদক,
সাংবাদিক আনিস আলমগীরকে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানায়নি ডিবি পুলিশ।
রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে আনিস আলমগীর নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। মুঠোফোনে তিনি জানান, তিনি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।
কে বা কারা তাকে নিয়ে এসেছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে তিনি স্পষ্ট করে জানান, বর্তমানে তিনি ডিবির হেফাজতেই আছেন।
কোন অভিযোগ বা কী কারণে তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে, এ বিষয়ে জানতে চাইলে আনিস আলমগীর বলেন, এ মুহূর্তে তিনি এ সম্পর্কে কোনো মন্তব্য করতে পারছেন না।
একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, রাজধানীর ধানমন্ডি এলাকার একটি জিম থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তবে এ তথ্যের সত্যতা নিশ্চিত করতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কাউকে পাওয়া যায়নি।
এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগ ও কৌতূহল তৈরি হয়েছে। আনিস আলমগীরের হেফাজতে নেওয়ার বিষয়ে ডিবি পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪