নিজস্ব প্রতিবেদক,
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে উত্তাল মানববন্ধন
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাসহ দেশে ধারাবাহিকভাবে সাংবাদিক খুন, গুম ও নির্যাতনের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নওগাঁর বদলগাছী।
রবিবার (১০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বদলগাছী উপজেলার সাংবাদিকদের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার সকল সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারীর সঞ্চালনায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, বদলগাছী সাংবাদিক সংস্থা’র সভাপতি শহীদুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস হোসেন, সাধারণ সম্পাদক আবু রায়হান লিটন, বদলগাছী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম দবির, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান, প্রেসক্লাব বদলগাছীর সভাপতি ফজলে মওলা, সিনিয়র সাংবাদিক এমদাদুল হক দুলু, সাংবাদিক মিঠু হাসান, সাংবাদিক আসাদুজ্জামান ভুট্টু প্রমুখ।
বক্তারা বলেন, সাংবাদিকদের রক্তে ভিজে যাচ্ছে গণতন্ত্রের পথ, আর সরকার নির্বিকার! তারা তুহিন হত্যাসহ অন্যান্য সাংবাদিক হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ট্রাইবুনাল আইনে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবী জানান। একইসঙ্গে, সকল নিহত সাংবাদিক পরিবারের জন্য অবিলম্বে সরকারি আর্থিক সহায়তা প্রদানের দাবি তোলেন।
বক্তারা ঘোষণা দেন, সাংবাদিকদের উপর আঘাত আর সহ্য করা হবে না। রক্তের বিনিময়ে হলেও সত্য প্রকাশের সংগ্রাম চলবেই। শত ষড়যন্ত্র ও আঘাতের মাঝেও সত্য সাংবাদিকতাকে স্তব্ধ করা যাবে না, সাংবাদিকদের কন্ঠ রোধ করতে পারবে না। একটি স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা শুধু তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয় নয়, বরং এটি রাষ্ট্রের গণতন্ত্র ও আইনের শাসন রক্ষার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রয়োজনে কলম বিরতি দিয়ে রাজপথে নামার হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।
এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীগণ।
এসময় বিভিন্ন শ্রেণিপেশার মানুষ,, মানবাধিকার কর্মী ও স্থানীয় জনসাধারণ একাত্মতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪