
গণ সংবাদ নিউজ ডেস্ক
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান এবং তার পরিবারের ১৬৩টি ব্যাংক হিসাবের সন্ধান পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩৮৬ কোটি টাকা লেনদেন হলেও বর্তমানে প্রায় সব একাউন্ট ই খালি।
গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদন অনুযায়ী, এসব হিসাব থেকে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। বর্তমানে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা অবশিষ্ট আছে।
নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ৯১টি হিসাবে ২৩৯ কোটি টাকা জমা হয়েছিল, যার মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হলেও ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে।
তিন মেয়ের হিসাবেও লেনদেন হয়েছে মোটা অঙ্কের টাকা। আদিবা নাঈম, লাবিবা নাঈম ও যুলিকা নাঈম খানের হিসাবে যথাক্রমে ৩৫ লাখ, ১ কোটি ২৫ লাখ এবং ৬১ লাখ টাকা জমা হয়েছিল, যার বেশিরভাগই উত্তোলন করা হয়েছে। নাঈমুল ইসলাম খানের স্বার্থসংশ্লিষ্ট ৪৬টি প্রতিষ্ঠানের হিসাবে ১২৭ কোটি ৬৪ লাখ টাকা লেনদেন হয়েছে।
এছাড়াও, পরিবারের চার সদস্য ১২টি ক্রেডিট কার্ড ব্যবহার করে ২৮ লাখ টাকার বেশি লেনদেন করেছেন। বর্তমানে এসব কার্ডে ৪৮ হাজার ৪০৮ টাকা বকেয়া আছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর নাঈমুল ইসলাম খান এবং তার পরিবার আত্মগোপনে চলে যান এবং তার পরিচালিত পত্রিকাগুলো বন্ধ ঘোষণা করেন। গত ২৫ আগস্ট বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তাদের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিলেও তার আগেই প্রায় সব টাকা উত্তোলন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪