প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১০:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১১, ২০২৪, ৭:২০ পি.এম
সাড়ে ১২ বছরের কম বয়সী ২১১১ জন মুক্তিযোদ্ধার নাম থাকছে না; শাস্তি পাবে ভুয়া মুক্তিযোদ্ধারা!

গণ সংবাদ নিউজ ডেস্ক,
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বয়স নির্ধারণ করা সাড়ে ১২ বছরের কম বয়সী মুক্তিযোদ্ধার সংখ্যা ২ হাজার ১১১ জন। এ বিষয়ে মামলার সিদ্ধান্ত পেলে তাদের সনদ বাতিল হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক।
শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম নিয়ে বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, মন্ত্রণালয় থেকে মুক্তিযোদ্ধাদের বয়স নির্ধারণ করা হয়েছিল ১২ বছর ৬ মাস। এর নিচে যারা মুক্তিযোদ্ধা তাদের জেলা ভিত্তিক তালিকা তৈরি করা হয়েছে। সেই সংখ্যা ২ হাজার ১১১ জন। এ বিষয়ে একটি মামলা আপিল বিভাগে আছে। হয়তো জানুয়ারির মাঝামাঝি সময়ে একটা সিদ্ধান্ত পাবো। আদালতের সিদ্ধান্ত পেলে আমরা তাৎক্ষণিক তাদের বাতিল করবো। অনেকেই মুক্তিযোদ্ধা না হয়েও তালিকাভুক্ত হয়েছেন এবং সব সুযোগ-সুবিধা নিয়েছেন যা জাতির সাথে প্রতারণার সামিল। তালিকায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধা আছে, যাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে যারা স্বেচ্ছায় নাম প্রত্যাহার করে নিবেন তারা শাস্তির আওতায় মুক্ত থাকবেন।
তিনি আরও বলেন, মন্ত্রণালয় থেকে ভাতাপ্রাপ্ত মোট বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪৫৪ জন। এর মধ্যে বীরাঙ্গনা ৪৬৪ জন। যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৮৯৫ জন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ৫ হাজার ৩৩৩ জন এবং খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ৩৬৮ জন। সব মিলিয়ে মোট ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৫০ জন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪