নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও হুইপ পদে কে আসছেন এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। তবে এসব পদে নির্বাচনের বিষয়টি সংসদের প্রথম অধিবেশনেই চূড়ান্ত হবে বলে জানিয়েছে সরকারপক্ষ।
আগামী ১২ মার্চ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। সংসদ সচিবালয় জানিয়েছে, অধিবেশন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্পিকার পদে আলোচনায় যাঁরা
ক্ষমতাসীন দলের ভেতরে স্পিকার পদে কয়েকজন জ্যেষ্ঠ নেতার নাম আলোচনায় রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মইন খান এবং জয়নুল আবেদীন।
এ ছাড়া চিফ হুইপ হিসেবে জয়নুল আবদীন ফারুক এর নাম শোনা যাচ্ছে।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান বলেছেন, সংসদের প্রথম অধিবেশনেই সদস্যদের ভোটে স্পিকার, ডেপুটি স্পিকারসহ অন্যান্য পদে নির্বাচন হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যরাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
প্রথম বৈঠকে সভাপতিত্ব নিয়ে প্রশ্ন
দ্বাদশ সংসদ ভেঙে যাওয়ার পর স্পিকার ও ডেপুটি স্পিকারের পদ শূন্য থাকায় প্রথম অধিবেশনে কে সভাপতিত্ব করবেন, তা নিয়েও আলোচনা তৈরি হয়েছে।
সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, এ ক্ষেত্রে সংসদের জ্যেষ্ঠ কোনো সদস্য সাময়িকভাবে সভাপতিত্ব করতে পারেন।
সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক মনে করেন, এ ধরনের পরিস্থিতিতে প্রচলিত রীতি অনুযায়ী অভিজ্ঞ ও জ্যেষ্ঠ সদস্যকে দায়িত্ব দেওয়া যেতে পারে এবং সংসদই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।
বিরোধী দলের অবস্থান
এদিকে শপথের দিনই বিরোধী দল তাদের নেতা নির্বাচন করেছে বলে জানা গেছে। বিরোধী শিবির জানিয়েছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরকে বিরোধী দলীয় নেতা করা হয়েছে। পাশাপাশি বিরোধী দলীয় চিফ হুইপ করা হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে।
সব মিলিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ এর প্রথম অধিবেশনকে ঘিরে রাজনৈতিক ও সাংবিধানিক নানা প্রশ্ন সামনে এলেও, সংশ্লিষ্টরা বলছেন সংসদ বসার পরই আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে এসব বিষয়ে সিদ্ধান্ত হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪