নিজস্ব প্রতিবেদক:
এবারের ঈদুল আজহায় কোরবানির জন্য বিক্রি হওয়া অ্যালবিনো জাতের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এর কোরবানি আর হচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে ক্রেতাকে অর্থ ফেরত দিয়ে মহিষটি বুধবার বিকেলে ঢাকার কেরানীগঞ্জ থানায় নেওয়া হয়েছে। পরে এটিকে রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় লালন-পালনের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্বজুড়ে আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মহিষটি ঈদুল আজহা উপলক্ষে কোরবানির জন্য বিক্রি করা হয়েছিল। তবে বিষয়টি ব্যাপক আলোচনায় এলে সরকারের উচ্চপর্যায় থেকে উদ্যোগ নেওয়া হয়। পরে ক্রেতার সঙ্গে আলোচনা করে অর্থ ফেরত দেওয়া হয় এবং পশুটিকে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে গত সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় অবস্থিত রাবেয়া এগ্রো ফার্মে ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্য দিয়ে মহিষটিকে বিদায় জানান মালিকপক্ষ। লাল গালিচা সংবর্ধনা, ধোঁয়ার রঙিন পরিবেশ এবং রাজকীয় সাজে মহিষটিকে খামার থেকে বের করে আনা হয়। এ সময় উপস্থিত লোকজন আবেগঘন পরিবেশে পশুটিকে বিদায় জানান।

খামার সূত্রে জানা যায়, অ্যালবিনো জাতের এ মহিষটির চুলের ধরন ও চোখের গঠন অনেকটা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump এর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় খামারের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে মহিষটি নিয়ে প্রতিবেদন প্রকাশের পর এটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের এই মহিষ। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমেও এ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
তবে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
উল্লেখ্য, ৭শ কেজি ওজনের আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ৩ লাখ ৮৫ হাজার টাকায় কেরানীগঞ্জের জিনজিরা এলাকার বাসিন্দা সামির নামের এক ক্রেতার কাছে বিক্রি করা হয়েছিল। তবে পরবর্তীতে সরকারের হস্তক্ষেপে মহিষটি কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং ক্রেতার টাকা ফেরত দিয়ে এটিকে জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪