মুন্সীগঞ্জ প্রতিনিধি
স্বামীর মৃত্যুতে আগামীকাল বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনি। তিনি বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আটক রয়েছেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্যারোলে মুক্ত থাকবেন দীপু মনি। এ সময় তিনি ঢাকার কলাবাগানে স্বামী সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফীক নাওয়াজের মরদেহ দেখতে ও জানাজা-দাফনসহ শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নেবেন।
মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানান, বুধবার দুপুরে দীপু মনির মেয়ে তানী দীপাবলি কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে তিনি তাঁর মায়ের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আবেদনে কয়েক দিনের মুক্তির কথা বলা হলেও প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার ১২ ঘণ্টার জন্য তাকে প্যারোলে মুক্তি দেওয়া হচ্ছে।
আইনজীবী আরও জানান, ঢাকার কলাবাগানের বাসভবনে তৌফীক নাওয়াজের মরদেহ রাখা হবে। বৃহস্পতিবার ভোরে কারাগার থেকে বের হয়ে সেখানে যাবেন দীপু মনি।
তৌফীক নাওয়াজ মঙ্গলবার রাতে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন।
স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর কারাগারে থাকা দীপু মনিকে প্যারোলে মুক্তির উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফেরত নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪