নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ–৪ (মাধবপুর–চুনারুঘাট) আসনে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরি। নির্বাচন কমিশনে জমা দেওয়া তাঁর হলফনামা পর্যালোচনা করে প্রার্থীর আয়, সম্পদ ও মামলা সংক্রান্ত নানা তথ্য পাওয়া গেছে।
হলফনামা অনুযায়ী, তাহেরির বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে। তবে হবিগঞ্জের মাধবপুরে তাঁর শ্বশুরবাড়ি থাকায় সেই সূত্রে তিনি এ আসনে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। তাঁর পেশা ব্যবসা এবং তাঁর স্ত্রী গৃহিণী।
হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরির বিরুদ্ধে বর্তমানে তিনটি মামলা চলমান, যেগুলো ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের করা হয়েছে। মামলার ধরন ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য হলফনামায় উল্লেখ করা হয়নি।
আয়ের হিসাব অনুযায়ী, তাহেরি বছরে ব্যবসা খাত থেকে আয় দেখিয়েছেন ৭ লাখ ৯১ হাজার টাকা। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, মূলত ওয়াজ মাহফিলে বক্তব্য দেওয়ার মাধ্যমে যে সম্মানী পান, সেটিকেই তিনি ব্যবসা খাত হিসেবে দেখিয়েছেন। এ ছাড়া কৃষি খাত থেকে তাঁর বার্ষিক আয় ২৬ হাজার ৪০০ টাকা এবং ব্যাংক সুদ থেকে পান ২২ হাজার ৮৯২ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে তাহেরির কাছে নগদ অর্থ রয়েছে ৪১ হাজার ২৮৬ টাকা। ব্যাংকে জমা আছে ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা। আসবাবপত্র রয়েছে ৫ লাখ টাকার।
স্বর্ণালংকারের বিষয়ে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তাহেরির স্ত্রীর নামে কোনো স্বর্ণ নেই। তবে নিজের নামে তাঁর কাছে ৩১ ভরি স্বর্ণ রয়েছে, যার আনুমানিক মূল্য দেখানো হয়েছে ৬ লাখ টাকা। এ বিষয়ে তাহেরি বলেন, “এই স্বর্ণ আমি বিভিন্ন সময় উপহার হিসেবে পেয়েছি এবং পরিবারের জন্য কিনেছি। এগুলো আমার স্ত্রী ও মেয়েরা ব্যবহার করেন।”
স্থাবর সম্পদের বিষয়ে তাহেরি জানান, পরিবারের প্রধান হিসেবে সব সম্পত্তি তাঁর নামেই কেনা হয়েছে। তাঁর নামে কৃষিজমি রয়েছে, যার ক্রয়মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা। তবে বর্তমান বাজারমূল্য হিসেবে সেটি ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা দেখানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহলে আলোচিত এই প্রার্থীর সম্পদ, আয় ও মামলার বিষয়গুলো ইতিমধ্যে ভোটারদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪