গাইবান্ধা প্রতিনিধি :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গাইবান্ধায় শোক ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে সড়কে অবস্থান নিয়ে ব্লকেড সৃষ্টি করলে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর শহরের পুরাতন বাজার মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ডিবি রোড প্রদক্ষিণ শেষে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে এসে সমবেত হয়। পরে বিক্ষোভকারীরা গাইবান্ধা–পলাশবাড়ী মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন।
এতে গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী, শহীদ ও আহত পরিবারের সদস্য, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ অংশ নেন। অবরোধ চলাকালে বাস টার্মিনাল থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যেতে পারেনি এবং ঢাকা থেকে আগত একাধিক বাস সড়কে আটকে পড়ে। ফলে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবস্থান কর্মসূচিতে বক্তারা শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা আওয়ামী লীগ ও জাতীয় পার্টির রাজনীতি বন্ধের দাবি তোলেন। একই সঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম ও আইন উপদেষ্টা আসিফ নজরুলের পদত্যাগ দাবি করেন বিক্ষোভকারীরা।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪