দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর কোতোয়ালি থানার ভেতরে সিআইডির এক পুলিশ পরিদর্শককে থাপ্পড়, গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগে জেলা কৃষক দলের সদস্যসচিব মজিবর রহমান মজিবকে (৫৬) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাও।
রোববার (৯ আগস্ট) রাতে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী সিআইডি পরিদর্শক নওয়াবুর রহমান বাদী হয়ে মজিবর রহমানসহ অজ্ঞাতনামা আরও দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, একটি হত্যা মামলার নথিপত্র সংগ্রহ এবং আগের তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বলতে ওই রাতে সিভিল পোশাকে কোতোয়ালি থানায় যান সিআইডি পুলিশ পরিদর্শক নওয়াবুর রহমান। একই সময়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে দেখা করতে সেখানে যান মজিবর রহমান। তবে তখন ওসি থানায় ছিলেন না।
এ সময় ওসির কক্ষের সামনে মজিবর রহমান সিআইডি কর্মকর্তা নওয়াবুর রহমানের কাছে ওসির অবস্থান জানতে চান। নওয়াবুর নিজেকে সিআইডির পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এরপর মজিবরের সঙ্গে থাকা এক ব্যক্তি তাঁকে অশালীন ভাষায় গালিগালাজ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
নওয়াবুর রহমান এর প্রতিবাদ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মামলার এজাহার অনুযায়ী, সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনের উসকানিতে মজিবর রহমান ক্ষিপ্ত হয়ে নওয়াবুর রহমানের ডান গালে সজোরে থাপ্পড় মারেন। এ সময় তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর থানায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মজিবর রহমানকে আটক করা হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, মামলার তদন্তের কাজে থানায় আসা সিআইডির এক পুলিশ পরিদর্শকের গায়ে হাত তোলার অভিযোগে মজিবর রহমানকে তাৎক্ষণিক আটক করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তা বাদী হয়ে মামলা করলে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে গ্রেপ্তার মজিবর রহমানকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলায় তাঁর সঙ্গে থাকা অজ্ঞাতনামা আরও দুজনকেও আসামি করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪