তৌফিকুল ইসলাম পল্লব, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সংরক্ষিত নারী ইউপি সদস্য রেখা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে। তার গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
পুলিশ জানায়, উপজেলার কুঠিবাশবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে রেখা বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য এবং কুঠিবাশবাড়িয়া গ্রামের ইউনুস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, সম্প্রতি নুরপুর মালঞ্চী এলাকায় মাদক বিক্রির সময় স্থানীয় লোকজন আকাশ ও শাকিল নামে দুই যুবককে আটক করেন। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে মাদক বিক্রি ও সংগ্রহ সংক্রান্ত বিভিন্ন বক্তব্য রয়েছে বলে স্থানীয়দের দাবি।
পরবর্তীতে আটক দুই যুবককে পুলিশের কাছে হস্তান্তর করা হলে এ ঘটনায় বাগাতিপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। সেই মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই রেখা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, রেখা বেগমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ইয়াবা, গাঁজা ও ফেনসিডিলসহ বিভিন্ন মাদক কেনাবেচার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়ার বিষয়টি পুলিশ জানিয়েছে।
বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাতাব উদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান কঠোর। মাদক ব্যবসার সঙ্গে যে-ই জড়িত থাকুক, তদন্ত সাপেক্ষে তাকে আইনের আওতায় আনার পক্ষে তারা।
একই বক্তব্য দিয়েছেন বাগাতিপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাতেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের সঙ্গে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো কাজ করবে।
ইউনিয়ন যুবদলের সভাপতি তারিকুল ইসলাম তরু বলেন, রেখা বেগমের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মাদক বিক্রির অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্তের পাশাপাশি মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের দাবি জানান তিনি।
বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইমা খাতুন বলেন, একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তিনি বিস্মিত। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন বলেন, মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সুমন চন্দ্র দাস বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় রেখা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক কারবারের সঙ্গে যেই জড়িত থাকুক, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে স্থানীয়দের দাবি, বাগাতিপাড়ার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। তাদের মতে, শুধু খুচরা বিক্রেতাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা না করে মাদকের উৎস, সরবরাহকারী ও বিক্রেতাদের শনাক্ত করে ধারাবাহিক অভিযান চালানো প্রয়োজন।
প্রকাশক ও সম্পাদক : শহীদুল ইসলাম, বার্তা সম্পাদক : ফরহাদ হোসেন
০১৭২৫-৭৩৬৩৫৩, ০১৬০২-৯০৩৬২১ / ০১৭৭০-৪৯৪৯৮১
ঢাকা কার্যালয়ঃ কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা-১২১৩।
আঞ্চলিক কার্যালয়ঃ ডাকবাংলোপাড়া, বদলগাছী, নওগাঁ।
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ গণ সংবাদ২৪