
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে প্রতারণা এবং মারধর করে ছিনতাইয়ের অভিযোগে দুই তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নওগাঁর পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের নির্দেশনায় বদলগাছী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়নের হট শাপিলা গ্রামের বসাকপাড়া এলাকার কেওড়াতলা মন্দিরের সামনে পাকা রাস্তায় ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মোঃ হুমায়ুন কবির (৪৫) সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ঘটনাস্থলে মোটরসাইকেল নিয়ে পৌঁছালে সিয়াম (১৮), রোহিত (১৮) ও অজ্ঞাতনামা আরও এক থেকে দুই ব্যক্তি তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি মারধর করে একটি মোটরসাইকেল, একটি মোবাইল ফোন ও নগদ ৯০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে ভুক্তভোগীর চিৎকারে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বদলগাছী থানায় এজাহার দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। পরে থানা পুলিশের সদস্যরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করেন এবং সিয়াম ও রোহিতকে গ্রেপ্তার করেন।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের ছবি ও কণ্ঠ ব্যবহার করে ছেলেদের আকৃষ্ট করতেন। পরে বিভিন্ন ব্যক্তিকে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।
এ ধরনের প্রতারণা ও ছিনতাই থেকে রক্ষা পেতে অপরিচিত ব্যক্তির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি অনলাইনে পরিচিত ব্যক্তির ডাকে নির্জন স্থানে যাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।
Leave a Reply