
নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুর-২ আসনে বিএনপির দলীয় ঘোষিত সম্ভাব্য প্রার্থী পরিবর্তনের দাবিতে নেছারাবাদের সোহাগদলে অনুষ্ঠিত হয়েছে আকস্মিক মশাল মিছিল। শনিবার রাতে সোহাগদল ইউনিয়নের ৩নং ওয়ার্ড এলাকায় বিএনপির প্রাথমিক মনোনয়ন বঞ্চিত মাহমুদ হোসেনের সমর্থকদের উদ্যোগে প্রায় আধাঘণ্টাব্যাপী এ মিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক শতাধিক নারী পুরুষ হাতে মশাল নিয়ে অংশ নেন।
পিরোজপুর-২ (কাউখালি, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে বিএনপির দল থেকে মনোনয়ন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আহম্মদ সোহেল মঞ্জুর সুমন। একই আসনে অন্যতম মনোনয়ন প্রত্যাশি ছিলেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মো. মাহমুদ হোসেন। পিরোজপুর-২ আসনের প্রতিটি উপজেলায় একটি শক্ত বলয় রয়েছে মাহমুদ হোসেনের। তিনি ছাড়াও এ আসনে নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত মনোনয়ন চেয়েছিলেন।
মশাল মিছিলে অংশগ্রহণকারীরা সুমন মঞ্জুরের মনোনয়ন মানি না, মানব না, অ্যাকশন অ্যাকশন, মাহমুদ ভাইয়ের অ্যাকশন, ক্ষমতা না জনতা, জনতা এ ধরনের স্লোগান দেয়া হয়। নেছারাবাদের সর্বস্তরের জনগণ ব্যানারে আয়োজিত এ মিছিলে অংশ নেয়া লোকেরা অভিযোগ করেন, “বিতর্কিত ও বারবার জামানত হারানো কাউকে” তারা প্রার্থী হিসেবে চান না। এ সময় সুমন মঞ্জুরকে পরিবর্তন করে জনপ্রিয় যেকোনো নেতাকে মনোনয়ন দেয়ার দাবি জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হোসেন বলেন, “শুনেছি স্থানীয় নেতাকর্মীরা বিএনপির হাই কমান্ডের কাছে প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে। তারা সুমন মঞ্জুরকে প্রার্থী হিসেবে চাচ্ছেন না।”
Leave a Reply