
নিজস্ব প্রতিবেদক,
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত আছেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, “আমার জানা মতে না।”
সে ক্ষেত্রে তিনি নির্বাচন করতে পারবেন কি না- জানতে চাইলে ইসি সচিব বলেন, “করতে পারেন, যদি কমিশন সিদ্ধান্ত দেয়।”
সোমবার (১ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে ব্রিফিংয়ে তিনি এসব মন্তব্য করেন।
ভোটার না হয়েও নির্বাচন করার সুযোগ কীভাবে থাকে এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, ‘ভোটার তালিকা নিবন্ধন আইন দেখলেই বিষয়টি পরিষ্কার হবে।’ তিনি আরও বলেন, “আইনটা একটু দেখে নেন, আমার মুখস্থ নেই।”
এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করেন যে বিষয়টি কেবল তারেক রহমানকে কেন্দ্র করে নয়। সাংবাদিকদের উদ্দেশে ইসি সচিব বলেন, “আমি বলেছি, যে কেউ। এখানে কাউকে ব্যক্তিগতভাবে চিহ্নিত করছি না। এটা আপনার ক্ষেত্রেও হতে পারে।”
আখতার আহমেদ জানান, ৩১ অক্টোবরের মধ্যে যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, নিবন্ধনের পর তাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমানে ভোটার তালিকাটি চূড়ান্তকরণের কাজ চলছে।
তিনি বলেন, ভোটারের সাতটি মৌলিক তথ্য
এ মুহূর্তে পরিবর্তন করা যাবে না। তবে তালিকা চূড়ান্ত হওয়ার পর কমিশনের সিদ্ধান্তে এসব তথ্য সংশোধনের সুযোগ রাখা হতে পারে বলে জানান তিনি।
বর্তমানে যেসব তথ্য পরিবর্তন করা যাচ্ছে সেগুলো হলো স্বামী/স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতা ও তার ধরন, এবং টেলিফোন নম্বর। বিশেষ করে টেলিফোন নম্বর সংশোধনের ক্ষেত্রে আয়কর সংযোগের বিষয়টি সামনে আসছে বলে উল্লেখ করেন সচিব।
Leave a Reply