এনামুল হক রাশেদী, চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানে শুক্রবার ৮ দলের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা ৮ দলের বিজয় চাই না, ১৮ কোটি মানুষের বিজয় চাই। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ।” প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, অতীতের সরকার দেশের সম্পদ লুট করেছে এবং রাষ্ট্রীয় বাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে।
দুপুর ২টার সমাবেশে সকাল থেকেই লালদীঘি এলাকায় প্রবেশ করে দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ। সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বক্তারা পাঁচদফা দাবির পক্ষে স্লোগান তোলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের “বিপ্লবের” পরও চাঁদাবাজি ও দুর্নীতি থামেনি। প্রশাসনে প্রভাব বিস্তারের প্রবণতা অব্যাহত রয়েছে। তিনি ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথের আন্দোলন চলবে এবং ইসলামী দলগুলোর ঐক্য জাতীয় রাজনীতিতে নতুন অধ্যায় তৈরি করবে।
সভাপতির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, “বাংলাদেশ গরিব-মেহনতি মানুষের রক্তে রচিত। বনেদি শক্তির আধিপত্য আর চলবে না।” তিনি বলেন, ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে “জনতার বিজয়” নিশ্চিত করবে এবং নির্বাচনে অনিশ্চয়তা তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে।
বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, স্বাধীনতার পরও বৈষম্য দূর হয়নি। তিনি দাবি করেন, ইসলাম প্রতিষ্ঠিত হলে বৈষম্যহীন রাষ্ট্র গড়ে উঠবে।
জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম বলেন, চট্টগ্রামকে ইসলামের ঘাঁটি হিসেবে গড়ে তোলার আহ্বান জানান এবং বলেন, “দাদার শক্তিতে আর দেশ চলবে না।”
এছাড়া খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নেজামে ইসলাম পার্টি, জাগপা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও বিভিন্ন জেলা প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন।
বক্তারা দেশের রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং সময়মতো নির্বাচন অনুষ্ঠানের দাবি পুনর্ব্যক্ত করেন।
Leave a Reply