
নিজস্ব প্রতিবেদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরেক শীর্ষ নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও এনসিপি শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে মাথায় গুলি করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরের দিকে খুলনা নগরীতে এ ঘটনা ঘটে। হামলার পরপরই তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
এ ঘটনার তথ্য নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু। পোস্টে তিনি জানান, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে এবং তিনি বর্তমানে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন।

এর আগে চলতি মাসেই রাজধানীতে এনসিপির আরেক শীর্ষ নেতার ওপর প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
পরপর দুটি হামলার ঘটনায় এনসিপি নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। রাজনৈতিক মহলে এসব হামলাকে সংগঠিত সহিংসতার অংশ হিসেবে দেখছেন অনেকে। তবে এ ঘটনায় এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মামলা বা হামলার কারণ সম্পর্কে বিস্তারিত জানায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
Leave a Reply