
নিজস্ব প্রতিনিধি:
নওগাঁ জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর এক হাজতির মৃত্যু হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
মৃত হাজতির নাম আব্দুর রশিদ (৫৬)। তিনি নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল গ্রামের বাসিন্দা এবং কাশিমপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কারা কর্তৃপক্ষ জানায়, রাণীনগর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় ২০২৪ সালের ২৪ আগস্ট আব্দুর রশিদের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় গত ১৬ ডিসেম্বর তাঁকে গ্রেপ্তার করা হয় এবং এরপর থেকে তিনি নওগাঁ জেলা কারাগারে বন্দী ছিলেন।
নওগাঁ কারাগারের জেলার শাহরিয়ার আলম চৌধুরী জানান, শনিবার দুপুর আনুমানিক ২টার দিকে আব্দুর রশিদ হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তাঁকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে বিকেল ৩টার দিকে তাঁকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।
নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আবু জার গাফফার জানান, কারাগার থেকে আনা ওই হাজতিকে হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করতে হবে।
এ ঘটনায় বিভাগীয় তদন্তের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply