
শহীদুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অধীনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের “সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫” এর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে নওগাঁ জেলায় একটি প্রতারক চক্রের ১৮ জন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

পুলিশ জানায়, শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) বিকেল ৩টা থেকে নওগাঁ জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষাকে ঘিরে একটি প্রতারক চক্র সক্রিয় রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁ বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে প্রশ্নপত্র ফাঁস ও ভুয়া প্রশ্নপত্র সরবরাহের সঙ্গে জড়িত প্রতারক চক্রের দুই সদস্যসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন ও নগদ ৩৭ হাজার ৯৪৮ টাকা জব্দ করা হয়।
এছাড়াও জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে আরও ৯ জন পরীক্ষার্থীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে মোট গ্রেপ্তার সংখ্যা দাঁড়িয়েছে ১৮ জনে।
নওগাঁ জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। পরীক্ষার পবিত্রতা রক্ষা ও যেকোনো ধরনের অনিয়ম রোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
unlocker.ai – The Ultimate AI Tool for Bypassing Restrictions and Unlocking Content Seamlessly!