
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
আপিলের শুনানি শেষে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পারভেজ আরেফিন সিদ্দিকী জনির প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন।
এর আগে বিভিন্ন কারিগরি ও আইনগত কারণে তার প্রার্থিতা স্থগিত করা হয়। তবে নির্ধারিত সময়ে আপিল আবেদন ও শুনানি শেষে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বৈধ বলে ঘোষণা দেয়। ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন।
প্রার্থিতা ফিরে পাওয়ার পর পারভেজ আরেফিন সিদ্দিকী জনি সন্তোষ প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে। তিনি তার সমর্থক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় আরও নিবেদিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।
এদিকে জনির প্রার্থিতা পুনর্বহাল হওয়ায় নওগাঁ-৩ আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। ইতোমধ্যে এ আসনে নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা জোরদার হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের তৎপরতায় নির্বাচনী পরিবেশ ক্রমেই প্রাণবন্ত হয়ে উঠছে।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জনির অংশগ্রহণ নিশ্চিত হওয়ায় এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও বহুমুখী ও প্রতিযোগিতামূলক হবে।
Leave a Reply