
আশিক হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
বদলগাছী উপজেলায় সাংবাদিকতার আদর্শিক চর্চা আজ নানা প্রশ্নের মুখে। প্রকৃত সংবাদ সংগ্রহ, অনুসন্ধান ও জনস্বার্থ রক্ষার পরিবর্তে সাংবাদিক পরিচয়ের অপব্যবহার ক্রমেই বাড়ছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়ভাবে একে অনেকেই “সংবাদ বিহীন সাংবাদিকতা” হিসেবে আখ্যায়িত করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় কিছু ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয়ে পরিচিত করালেও তাদের নিয়মিত সংবাদ প্রকাশ, মাঠপর্যায়ের রিপোর্টিং কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমের তেমন কোনো দৃশ্যমান প্রমাণ পাওয়া যাচ্ছে না। বরং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা স্বল্পপরিচিত মাধ্যমের নাম ব্যবহার করে প্রেস কার্ড সংগ্রহ করে তা নানা কাজে ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় সূত্রগুলো বলছে, এসব কার্ড ব্যবহার করে কেউ কেউ সরকারি-বেসরকারি দপ্তর, ব্যবসা প্রতিষ্ঠান কিংবা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এতে একদিকে প্রশাসনিক পরিবেশে অস্বস্তি তৈরি হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মাঝেও সাংবাদিকতা পেশা সম্পর্কে নেতিবাচক ধারণা জন্ম নিচ্ছে।
এ বিষয়ে বদলগাছীর কয়েকজন অভিজ্ঞ ও পেশাদার সাংবাদিক নাম প্রকাশ না করার শর্তে জানান, সংবাদহীন ও দায়িত্বহীন সাংবাদিকতার কারণে প্রকৃত সাংবাদিকরা চরম বিব্রতকর অবস্থার মুখে পড়ছেন। তারা বলেন, সাংবাদিকতার নামে কার্ড বাণিজ্য চলতে থাকলে গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা আরও কমে যাবে।
সচেতন নাগরিকদের মতে, সাংবাদিক পরিচয়পত্র ইস্যূতে যথাযথ নীতিমালা অনুসরণ, পরিচয় যাচাই-বাছাই এবং দায়িত্বহীন তৎপরতার বিরুদ্ধে নজরদারি বাড়ানো এখন সময়ের দাবি। অন্যথায়, বদলগাছীতে প্রকৃত সাংবাদিকতা চর্চা আরও বাধাগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাংবাদিকতার পেশাগত মান ও মর্যাদা রক্ষা করা হবে।
Leave a Reply