
নিজস্ব প্রতিনিধি | বদলগাছী (নওগাঁ)
নওগাঁর বদলগাছী উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বদলগাছী লাবণ্য প্রভা ও পাইলট ও কমিউনিটি বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দুই দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ ছিল শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর।

অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি।
দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন এবং দুই দিনের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
Leave a Reply