
নিজস্ব প্রতিবেদক
আবেদন প্রক্রিয়া জটিল হওয়ায় অনলাইনের মাধ্যমে সাংবাদিক কার্ড দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। আগের মতোই ম্যানুয়াল পদ্ধতিতে আবেদনের ভিত্তিতে সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার দেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
তিনি বলেন, সাংবাদিকদের দাবির পরিপ্রেক্ষিতে কমিশন নীতিগতভাবে ম্যানুয়াল পদ্ধতিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগে যেভাবে সাংবাদিকরা কার্ড পেতেন, ভবিষ্যতেও সেভাবেই দেওয়ার ব্যবস্থা করা হবে। তবে এ পদ্ধতি পুনরায় কার্যকর করতে কিছুটা সময় লাগবে।
এর আগে বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিনিধিরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে অনলাইন আবেদন পদ্ধতির বিভিন্ন জটিলতা ও ত্রুটি তুলে ধরেন সাংবাদিকরা এবং তা নিরসনের দাবি জানান।
বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার প্রথমবার চালু হওয়ায় অনলাইন ব্যবস্থায় কিছু ত্রুটি থাকতে পারে বলে স্বীকার করেন এবং সেগুলো সংশোধনের আশ্বাস দেন।
পরে সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, ‘আজ সকালে আপনারা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে নিবন্ধনের বিষয়ে কথা বলেছেন। আমরা আপনাদের দাবির প্রতি সমর্থন রেখে আগের কার্ড ব্যবস্থায় ফিরে যাচ্ছি। অনলাইনে যেসব আবেদন ইতোমধ্যে সম্পন্ন ও অনুমোদিত হয়েছে, সেগুলো বহাল থাকবে।’
সময় সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পদ্ধতিগতভাবে ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করতে কিছুটা সময় প্রয়োজন। নির্দিষ্ট সময়সীমা এখনই বলা সম্ভব নয়। তবে সাংবাদিকরা নিয়মিত যোগাযোগ রাখলে এ বিষয়ে অগ্রগতি জানানো হবে।
তিনি আরও জানান, নতুন করে অনলাইনে আর কোনো নিবন্ধনের প্রয়োজন নেই।
Leave a Reply