
মোঃ ফরহাদ হোসেন, গণসংবাদ নিউজ ডেস্ক :
নওগাঁর মহাদেবপুর উপজেলায় ড্রাম ট্রাকের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও। বাকি তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, একটি ডাম্প ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাঠকাঠি এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত তিনজনকে ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply