
লক্ষ্মীপুর প্রতিনিধি,
লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নির্বাচনী কাজে ব্যবহৃত একটি গাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। এ ঘটনায় তাঁর ব্যক্তিগত সহকারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচনী অনুসন্ধান ও তদন্ত কমিটির সদস্য তাহমিনা আক্তার নওরিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া অর্থের বিষয়ে ব্যাখ্যা দিতে সংশ্লিষ্ট ব্যক্তিকে আধা ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিকেলে জেলা সদরের ঝুমুর গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ব্যক্তিগত সহকারী বদরুল আলম শ্যামলের ব্যবহৃত গাড়ি থেকে ওই টাকা উদ্ধার করা হয়। শ্যামল প্রার্থীর খালাত ভাই এবং গাড়িটি নির্বাচনী কাজে ব্যবহৃত হচ্ছিল বলে জানা গেছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার নওরিন বলেন, “ঘটনার পর সেনাবাহিনী সংশ্লিষ্ট ব্যক্তিকে আটক করেছে। উদ্ধার হওয়া অর্থের উৎস সম্পর্কে জানতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
Leave a Reply