
বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁ শহরে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অডিও প্রচার করা হয়েছে। এ ঘটনায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (৭ মার্চ) সকালে শহরের সরিষাহাটির মোড় এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় একটি ছোট মাইকে ভাষণটি প্রচার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভাঙাচোরা ও অনেকটা পরিত্যক্ত অবস্থায় থাকা দলীয় কার্যালয়ের একটি কক্ষে ছোট মাইকের মাধ্যমে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ বাজানো হচ্ছে। তবে সেখানে দলের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। কারা এবং কখন সেখানে মাইক স্থাপন করে ভাষণ প্রচার করেছেন, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
পরে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী তাঁদের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ভাষণ প্রচারের বিষয়টি উল্লেখ করে পোস্ট দেন। এর মাধ্যমে বিষয়টি আরও ছড়িয়ে পড়ে।
এর আগে গত বৃহস্পতিবার (৬ মার্চ) আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিল এর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ ও যুবলীগের কিছু নেতাকর্মী কর্মসূচি পালন করেন। সেই কর্মসূচির ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
এ বিষয়ে জেলা প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Leave a Reply