
বিশেষ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা প্রেসক্লাবের সদস্য নূর ই আলম সিদ্দিক উজ্জলকে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।
সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১০ মার্চ) বেলা ১২ টায় বদলগাছী উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সভাপতি মো. ফেরদৌস হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় কার্যনির্বাহী কমিটি ও উপস্থিত সদস্যরা উজ্জলের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করেন।

সভায় অভিযোগ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে বিভিন্ন স্থানে গিয়ে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। বিভিন্ন জায়গায় অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করা, সুবিধা না পেলে সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ করা এবং সাংবাদিকতার নীতি-নৈতিকতার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও ওঠে তাঁর বিরুদ্ধে। পাশাপাশি নিয়মিতভাবে প্রেসক্লাবের সভায় অনুপস্থিত থাকা এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অমান্য করার বিষয়টিও আলোচনায় আসে।
আলোচনা ও পর্যালোচনা শেষে উপস্থিত সদস্যরা সর্বসম্মতভাবে নূর ই আলম সিদ্দিক উজ্জলকে প্রেসক্লাবের সদস্যপদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করার সিদ্ধান্ত নেন। তিনি দৈনিক বসুন্ধরা পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
প্রেসক্লাবের সদস্য এনামুল কবীর এনাম বলেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে কেউ যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সংগঠনের সুনাম রক্ষার স্বার্থেই তাকে বহিস্কার করা হয়েছে।
সাংগঠনিক সম্পাদক আশিক হোসেন বলেন, প্রেসক্লাব একটি পেশাজীবী সংগঠন। এখানে শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই বিবেচনায় তাকে বহিস্কার করা হয়েছে। যে কেউ নিয়ম ভঙ্গ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সভায় আলোচনা করে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতেও সংগঠনের মর্যাদা রক্ষায় এমন অবস্থান বজায় থাকবে।
সভাপতি মো. ফেরদৌস হোসেন বলেন, প্রেসক্লাবের সুনাম ও সাংবাদিকতার মর্যাদা রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, উজ্জলের সঙ্গে বদলগাছী উপজেলা প্রেসক্লাবের আর কোনো সাংগঠনিক সম্পর্ক নেই। তার সঙ্গে কোনো ধরনের লেনদেন করলে তার দায় বদলগাছী উপজেলা প্রেসক্লাব বহন করবে না।
প্রেসক্লাব সূত্রে আরও জানানো হয়, বহিস্কারের সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে।
Leave a Reply