
নিজস্ব প্রতিবেদক
সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং (এইচভিএসি) সিস্টেমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রশিক্ষণ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের আটজন কর্মকর্তা। আগামী ১৫ মার্চ তাদের যুক্তরাষ্ট্র যাওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।
গণপূর্ত অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশের আটটি বিভাগীয় শহরে ক্যান্সার, কিডনি ও হৃদরোগ চিকিৎসা কেন্দ্র স্থাপনের একটি প্রকল্পের অংশ হিসেবে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ওই প্রকল্পের আওতায় হাসপাতালগুলোতে স্থাপিত সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং বা এইচভিএসি সিস্টেমের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ বিষয়ে কর্মকর্তাদের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশিক্ষণ কর্মসূচির ব্যয় বহন করবে যুক্তরাষ্ট্রভিত্তিক সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং সিস্টেম নির্মাতা প্রতিষ্ঠান ডানহাম-বুশ।
বিদেশ সফরে যাওয়ার অনুমতি পাওয়া কর্মকর্তারা হলেন- গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ই/এম) আশরাফুল হক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) কাজী মো. ফিরোজ হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. তৌফিক হাসান ফিরোজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মো. আশরাফুল ইসলাম, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব মো. নাজমুল আলম, নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ, নির্বাহী স্থপতি সিদ্দিকা নাসরিন সুলতানা এবং উপবিভাগীয় প্রকৌশলী রিসালাত বারি।
অধিদপ্তর সূত্র বলছে, প্রশিক্ষণটি মূলত ‘সেফটি ফ্যাসিলিটিস, অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স ম্যানেজমেন্ট অব এইচভিএসি সিস্টেম’ শীর্ষক কর্মসূচির অংশ। এতে অংশ নিতে কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে পাঁচ দিন অবস্থান করবেন।
প্রথমে গত ফেব্রুয়ারিতে এই সফরের সময় নির্ধারণ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়। সর্বশেষ অনুমোদন অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ মার্চ পর্যন্ত কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে প্রশিক্ষণে অংশ নেবেন।
গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাজু আহমেদ বলেন, নির্মাণকাজ শেষে হাসপাতালগুলোর এইচভিএসি সিস্টেম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব তাদেরই থাকবে। তাই বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য এই প্রশিক্ষণে অংশ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী বলেন, উন্নত প্রযুক্তির সিস্টেম পরিচালনায় দক্ষতা অর্জনের জন্য বিদেশে প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ।
Leave a Reply