সমরেশ রায় ও শম্পা দাস কলকাতা (ভারত) প্রতিনিধি:
পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শপিং কেন্দ্র কলকাতা নিউ মার্কেট এলাকায় একদিকে যেমন জমে উঠেছে ঈদের কেনাকাটা, অন্যদিকে মিলনমেলায় পরিণত হয়েছে দাওয়াত ইফতার আয়োজন।
বুধবার (১১ মার্চ) বিকেল সাড়ে পাঁচটায় নিউ মার্কেট হকার্স ইউনিয়ন এর উদ্যোগে নিউ মার্কেট সংলগ্ন এলাকায় এই দাওয়াত ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি’র অনুপ্রেরণায় এই আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান।

ঈদের কেনাকাটায় ব্যস্ত মানুষের ভিড়ের মধ্যেই আয়োজিত এই ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও ইউনিয়নের প্রেসিডেন্ট মদন মিত্র সাংসদ মালা রায়, মন্ত্রী স্বর্ণকমল সাহা, সাবেক কাউন্সিলর মুক্তার আহমেদ, ইউনিয়নের সাধারণ সম্পাদক শইফ আলী, অ্যাডভাইজার এমডি বাচ্চু হালদার ও এমডি হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও ট্রেজারার মান্না ও হুমায়ুন খান, সহকারী সম্পাদক শেখ সাদিক, মুকেশ সিং, জাহিদ হুসেন এবং যুগ্ম সম্পাদক তারিক সাব্বাসহ ইউনিয়নের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, এই ইফতার আয়োজন কেবল হকার ইউনিয়নের সদস্যদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। নিউ মার্কেটে কেনাকাটা করতে আসা ক্রেতা এবং পথচারীদের জন্যও ছিল উন্মুক্ত আমন্ত্রণ। জনবহুল মার্কেটে বসার পর্যাপ্ত জায়গা না থাকায় অনেকের হাতে ইফতারের খাবারের পার্সেল তুলে দেওয়া হয়।
ইফতার আয়োজনে ফলমূল, পানি, তেলেভাজা ও অন্যান্য নানা খাবারের ব্যবস্থা ছিল। নারী-পুরুষ নির্বিশেষে অসংখ্য মানুষ এতে অংশ নেন।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে আয়োজকরা বলেন, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করা। তারা উল্লেখ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এমন একটি জনবহুল স্থানে দাওয়াত ইফতার আয়োজন সম্ভব হয়েছে।
বক্তারা আরও বলেন, ইফতার শুধু ধর্মীয় আচার নয়-এটি মানুষের মধ্যে মেলবন্ধন সৃষ্টি করে, পারস্পরিক সৌহার্দ্য বাড়ায় এবং সকল ধর্মের মানুষের শান্তি ও সহাবস্থানের বার্তা পৌঁছে দেয়।









Leave a Reply