
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলার গাবনা গ্রামে ডাকাতির চেষ্টা ব্যর্থ করে এক ব্যক্তিকে আটক করেছেন স্থানীয় গ্রামবাসী। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শনিবার (১৪ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার গাবনা গ্রামের খারি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. সুজন। তিনি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার কল্লাহাটি গ্রামের বাবু প্রামানিকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গাবনা গ্রামের দুই যুবক মোটরসাইকেলে করে মাতাজি হাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে খারি ব্রিজ এলাকায় পৌঁছালে একদল ডাকাত রাস্তার দুই পাশের গাছে দড়ি বেঁধে ফাঁদ তৈরি করে রাখে। এতে মোটরসাইকেলটি দড়িতে আটকে গিয়ে দুই যুবক ছিটকে পাশের ধানের জমিতে পড়ে যান।
এ সময় তাদের একজন বাধা দিতে গেলে ডাকাতরা তাকে মারধর করে এবং মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করে। তবে ঘটনাটি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা দ্রুত এগিয়ে এসে প্রতিরোধ গড়ে তোলেন। পরে ধাওয়া দিয়ে এক ডাকাতকে আটক করা হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক ব্যক্তিকে হেফাজতে নেয়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও দুইজন পলাতক ডাকাতসহ ধৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি বদলগাছী থানায় নথিভুক্ত হয়েছে (মামলা নং–১৯)।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান বলেন, “গ্রামবাসীর সহযোগিতায় এক ডাকাতকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ধৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
Leave a Reply