
বাগমারা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভায় ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
১৫ মার্চ (রোববার) সকালে পৌরসভার নির্ধারিত স্থান আলুহাটায় ভিজিএফের চাল বিতরণের কথা ছিল। সকাল থেকেই সেখানে চাল নিতে গরিব, দুস্থ ও অসহায় মানুষ ভিড় করেন। তবে তালিকাভুক্ত অনেক উপকারভোগী চাল পাননি বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীদের একটি অংশের অভিযোগ, চাল বিতরণকে কেন্দ্র করে পৌর বিএনপির পক্ষ থেকে একটি সিন্ডিকেট গঠন করা হয়েছে। তাদের দাবি, প্রকৃত উপকারভোগীদের অনেকেই চাল পাননি।
এদিকে পৌর জামায়াতের নেতাকর্মীরা অভিযোগ করেন, বিভিন্ন ওয়ার্ড থেকে আসা উপকারভোগীদের পক্ষ থেকে কথা বলতে গেলে তাঁদের পৌরসভা থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়।
ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়লে সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। অভিযোগ রয়েছে, এ সময় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুর রাজ্জাক তাঁর ছেলে ও দলীয় নেতাকর্মীদের নিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মী এবং উপস্থিত কিছু মানুষের ওপর হামলা চালান। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়।
পৌরসভা সূত্রে জানা গেছে, ভিজিএফ কর্মসূচির আওতায় মোট ৪ হাজার ৬২৫ জনের তালিকা করা হয়েছে।
ঘটনার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভবানীগঞ্জ পৌর শাখার উদ্যোগে বাগমারা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশিকুর রহমান আশিক বলেন, অসহায় মানুষের পক্ষে কথা বলতে গিয়ে তাঁদের ওপর হামলা করা হয়েছে। তিনি দাবি করেন, প্রকৃত উপকারভোগীদের চাল দিতে বাধা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এ সময় জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
Leave a Reply