
নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় এক শিক্ষকের বিরুদ্ধে প্রতারণা ও অনৈতিক সম্পর্কের অভিযোগে মামলা ও সংবাদ প্রকাশের পর ভুক্তভোগী নারী ও তাঁর পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে এলাকায় গিয়ে তাঁদের সম্পর্কে মিথ্যাচার ছড়ানোরও অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী নারীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি সংবাদ প্রকাশের পর অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন, একটি স্কুলের পরিচালক শহীদ প্রাং এবং তাঁদের সঙ্গে আরও পাঁচ থেকে ছয়জন ব্যক্তি ভুক্তভোগীর বাবার বাড়িতে যান। সেখানে তাঁরা ভয়ভীতি প্রদর্শন করেন এবং বিষয়টি আপোষে মীমাংসার জন্য চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে বলা হয়, অভিযুক্তরা ভুক্তভোগী নারীকে ছয় লাখ টাকার বিনিময়ে আপোষ করার প্রস্তাব দেন। অন্যথায় সাংবাদিকদের কাছে কোনো তথ্য দিলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এতে ভুক্তভোগী ও তাঁর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী নারী বলেন, “সংবাদ প্রকাশের পর থেকেই তারা আমাকে ও আমার পরিবারকে নানা ভাবে চাপ দিচ্ছে। বাড়িতে এসে ভয়ভীতি দেখিয়েছে, মেরে ফেলার হুমকিও দিয়েছে। এখন আমি খুবই আতঙ্কে আছি।”
পরিবারের অভিযোগ, অভিযুক্তরা স্থানীয় ইউপি সদস্য কালামসহ এলাকাবাসীর কাছে গিয়ে ভুক্তভোগী নারী সম্পর্কে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়িয়ে তাঁর সামাজিক মানহানির চেষ্টা করছেন।
এলাকার একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে সংশ্লিষ্ট থানার এক কর্মকর্তা বলেন, লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় সচেতন মহলের মতে, গুরুতর অভিযোগের ঘটনায় ভুক্তভোগীকে হুমকি ও মানহানির চেষ্টা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Leave a Reply