
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর মান্দা উপজেলায় চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক ব্যক্তিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। রোববার দুপুরে উপজেলার নূরুল্যাবাদ ইউনিয়নের কালিগ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তি মো. সারোয়ার হোসেন উজ্জ্বল (৪৫)। তিনি উপজেলার কালিগ্রাম গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, চাঁদা দাবিকে কেন্দ্র করে একই গ্রামের রাজু আহমেদের নেতৃত্বে ১০ থেকে ১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সারোয়ার হোসেন উজ্জ্বলের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে ও হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গুরুতর জখম করে।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মাসুদ রানা বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Leave a Reply