
নিজস্ব প্রতিবেদক, নওগাঁ
নওগাঁর বদলগাছীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাবাব ফারহান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী এবং বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমানসহ অন্যরা।
বক্তারা বলেন, ২৫ মার্চ জাতির জীবনে এক শোকাবহ ও তাৎপর্যপূর্ণ দিন। ১৯৭১ সালের এই রাতে নিরস্ত্র বাঙালির ওপর চালানো হয় নির্মম হত্যাযজ্ঞ, যা ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত। গণহত্যা দিবস বাঙালির স্বাধীনতা সংগ্রামের ত্যাগ ও বীরত্বের স্মারক হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তাঁরা আরও বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতার মর্যাদা রক্ষা করা সবার দায়িত্ব। নতুন প্রজন্মের কাছে ইতিহাসের সঠিক তথ্য তুলে ধরার মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা জাগ্রত রাখার আহ্বান জানান বক্তারা।
Leave a Reply