
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার উতিয়ারকোণা গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৌভাত অনুষ্ঠানে কনে পক্ষের লোকজন খাবার খাওয়ার সময় প্লেটে মাংস কম দেওয়া এবং ভাতে দুর্গন্ধ থাকার অভিযোগ তোলেন। এ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয় এবং উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় লাঠিসোঁটা ব্যবহার করা হয়, এতে বেশ কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বরের বাবা সবুজ মিয়া বলেন, ‘অনেক খরচ করে আয়োজন করা হয়েছিল। কিন্তু সামান্য বিষয় নিয়ে তর্কাতর্কির জেরে পুরো অনুষ্ঠানটাই নষ্ট হয়ে গেল।’
অন্যদিকে কনের পক্ষের আত্মীয়রা ঘটনাটিকে দুঃখজনক ও লজ্জাজনক বলে মন্তব্য করেছেন।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply