
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে কুখ্যাত নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি, নওগাঁ পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে টিমটি দুইভাগে বিভক্ত হয়ে ছদ্মবেশে এবং নারী পুলিশের সমন্বয়ে অভিযান চালায়।
বুধবার (২৫ মার্চ ২০২৬) সন্ধ্যার পর মান্দা থানাধীন নবগ্রাম এলাকায় অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ী মোছাঃ মিনা পারভীন (৪৩) ও তার সহযোগী মোঃ সাদ্দাম (৩০)-কে আটক করা হয়। এ সময় তারা মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল বলে জানায় পুলিশ।
পরে উপস্থিত লোকজনের সামনে নারী পুলিশের সহায়তায় মিনা পারভীনের দেহ তল্লাশি করে একটি কালো পলিথিনের ভেতরে প্লাস্টিক ব্যাগে বিশেষ কায়দায় শরীরের সাথে মোড়ানো অবস্থায় ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত মিনা পারভীনের বিরুদ্ধে পূর্বে ৩টি মাদকসহ মোট ৪টি মামলা রয়েছে। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply