
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁ জেলার মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ৫ হাজার টাকার জাল নোটসহ একজন এবং ১ কেজি গাঁজাসহ আরেকজনকে গ্রেফতার করা হয়েছে।
৩১ মার্চ ২০২৬ তারিখে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা মান্দা থানা এলাকায় এ দুটি অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৫টার দিকে মান্দা থানাধীন সতিহাট এলাকায় হাট উপলক্ষে বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সতিহাট বাজারে ভুপেনের চায়ের দোকানের সামনে এক ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছে এবং সুযোগ বুঝে তা আসল টাকা হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে।
এ তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সন্দেহভাজন হিসেবে জব্বার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে পকেট থেকে ৫০০ টাকার ১০টি জাল নোট উদ্ধার করা হয়। তার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি থানার শান্তাহার ইয়াড কলোনি এলাকায়।
অপরদিকে, একই দিন রাত ৮টার দিকে আরেকটি অভিযানে মান্দা থানার মুশিদপুর প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অবস্থানরত নিতাই কুমার (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার হাতে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে নীল পলিথিনের ভেতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বাড়ি মান্দা উপজেলার শামখোল এলাকায়।

এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মান্দা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Leave a Reply