
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলায় কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও তাঁদের ব্যবহৃত সরঞ্জাম ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বনবায়াজী ইউনিয়নের কালীবাড়ি এলাকার বাসিন্দা ও পেশায় সাংবাদিক মো. সৈকত সোবহান (৩৮) গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় বদলগাছী থানার সামনে একটি মুদি দোকানের কাছে সহকর্মীদের সঙ্গে কথা বলছিলেন। এ সময় অভিযুক্ত কয়েকজন ব্যক্তি সেখানে এসে উসকানিমূলক কথাবার্তা বলতে থাকেন এবং একপর্যায়ে গালিগালাজ শুরু করেন।
সাংবাদিকদের দাবি, তারা প্রতিবাদ করলে অভিযুক্তরা হামলা চালায়। এতে সৈকত সোবহান ও সাংবাদিক মিঠু হাসান আহত হন। হামলার সময় তাঁদের ওপর কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ সময় হামলাকারীরা সাংবাদিক মিঠু হাসানের ব্যবহৃত একটি ক্যামেরা ও ব্যাগ ভাঙচুর করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ হাজার টাকা বলে দাবি করা হয়েছে। এছাড়া সৈকত সোবহানের একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়, যার মূল্য প্রায় ১৪ হাজার টাকা। আরেক সাক্ষীর কাছ থেকেও একটি মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলার অভিযোগ রয়েছে।
ঘটনার সময় উপস্থিত লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতরা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা ভবিষ্যতে সুযোগ পেলে হত্যার হুমকিও দিয়েছে।
এ ঘটনায় মো. খাও, মো. ফারাজ হোসেনসহ কয়েকজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫-১৬ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এ বিষয়ে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply