
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা (প্রথম পত্র) পরীক্ষা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার ৪টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রধান কেন্দ্র দুটি হলো—বদলগাছী-এ (কেন্দ্র কোড: ২৬৮) বদলগাছী সরকারি মডেল পাইলট হাই স্কুল এবং বদলগাছী-বি (কেন্দ্র কোড: ২৬৯) বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুল।
এ বছর উপজেলায় মাধ্যমিক পর্যায়ের ৩৩টি এবং কমিউনিটি পর্যায়ের ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানসহ মোট ৪৭টি প্রতিষ্ঠানের ৮৭১ জন ছাত্র ও ৭৫২ জন ছাত্রীসহ মোট ১,৬২৩ জন শিক্ষার্থীর মধ্যে ৮৬৪ জন ছাত্র ও ৭৪০ জন ছাত্রীসহ মোট ১,৬০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৭ জন ছাত্র ও ১২ জন ছাত্রীসহ মোট ১৯ জন শিক্ষার্থী।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৪টি মাদ্রাসার ২২২ জন ছাত্র ও ১০৩ জন ছাত্রীসহ মোট ৩২৫ জন শিক্ষার্থীর মধ্যে ২১৫ জন ছাত্র ও ৯৮ জন ছাত্রীসহ মোট ৩১৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৭ জন ছাত্র ও ৫ জন ছাত্রীসহ মোট ১২ জন শিক্ষার্থী।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২টি প্রতিষ্ঠানের ৭১ জন ছাত্র ও ৬২ জন ছাত্রীসহ মোট ১৩৩ জন শিক্ষার্থীর মধ্যে ৭০ জন ছাত্র ও ৬১ জন ছাত্রীসহ মোট ১৩১ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ১ জন ছাত্র ও ১ জন ছাত্রীসহ মোট ২ জন শিক্ষার্থী।
পরীক্ষা শেষে কয়েকজন শিক্ষার্থী জানান, হলের পরিবেশ ভালো থাকায় তারা স্বাচ্ছন্দ্যে পরীক্ষা দিতে পেরেছেন। তবে বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাই স্কুলের ২-১টি কক্ষে পর্যাপ্ত ফ্যান না থাকায় কিছু শিক্ষার্থী গরমে কষ্ট করে পরীক্ষা দিয়েছেন।
বদলগাছী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও সুন্দরভাবে প্রথম দিনের বাংলা বিষয়ের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Leave a Reply