
গণসংবাদ ডেস্ক, নওগাঁ
নওগাঁর বদলগাছী উপজেলায় একটি শ্মশানঘাটের গাছ থেকে সাহেব আলী (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার কোলা ইউনিয়নের পার আধাইপুর শ্মশানঘাটে এ ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী উপজেলার মিঠাপুর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামের নূর ইসলামের ছেলে।
স্থানীয়দের বরাতে জানা যায়, দুপুরের দিকে শ্মশানঘাটে একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি প্রথম দেখতে পান সুশীল চন্দ্র নামে এক ব্যক্তি। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নিহতের পরিবার জানায়, রোববার সকাল ৮টার দিকে সাহেব আলী বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যা হতে পারে। তবে ঘটনাটি ঘিরে রহস্য তৈরি হয়েছে। মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে নিহতের চাচা ছানামুল হক দাবি করেছেন, সাহেব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ. রহুল আমিন বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply