
মোস্তাফিজুর রহমান রুছেল, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে কৌশলে প্রেমের ফাঁদে ফেলে গোপনে ভিডিও ধারণ ও তা ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে দীর্ঘদিন ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত সাজিদুল ইসলাম আঁকাশ (স্থানীয়ভাবে পরিচিত), কাবিলপুর ইউনিয়নের পদ্মহার গ্রামের বাসিন্দা এবং আনারুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি চতরা এলাকার একটি ভাড়া বাসায় অবস্থান করে রড ও সিমেন্টের ব্যবসা পরিচালনা করতেন।
অভিযোগ রয়েছে, ওই ভাড়া বাসায় থেকেই তিনি পাশ্ববর্তী এলাকার নবম শ্রেণির এক শিক্ষার্থীকে প্রথমে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলেন। পরবর্তীতে কৌশলে গোপনে আপত্তিকর ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি বর্তমানে “টক অব দ্য ভিলেজ”-এ পরিণত হয়েছে। অভিযুক্ত যুবক ঘটনার পর থেকেই আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, অভিযুক্তের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয়রা দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
Leave a Reply