
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর বদলগাছী উপজেলায় সাপের দংশনে তানজিদ তামিম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২মে) দুপুরে উপজেলার বিষ্ণুপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত তামিম উপজেলার সোহাসা গ্রামের সৌদি প্রবাসী রাসেলের একমাত্র ছেলে। সে বদলগাছী আলফা কিন্ডারগার্টেন স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, তামিম নানার বাড়ি বিষ্ণুপুর গ্রামে বেড়াতে গিয়ে বাড়ির পাশের একটি পটল ক্ষেতে খেলছিল। এ সময় হঠাৎ একটি বিষধর সাপ তাকে দংশন করে। বিষয়টি বুঝতে পেরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, সেখানে নেওয়ার পর শিশুটির কান্নাকাটির কারণে চিকিৎসা না নিয়ে তারা চলে যান।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসাদুজ্জামান নাহিদ বলেন, শিশুটিকে হাসপাতালে আনার পর চিকিৎসা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। তবে এ সময় স্বজনরা কোনো চিকিৎসা না নিয়েই তাকে নিয়ে চলে যান। জানতে চাইলে তিনি বলেন, হাসপাতালে পর্যাপ্ত এন্টিভেনম ভ্যাকসিন রয়েছে। সাপে কাটা রোগীকে সরাসরি ভ্যাকসিন না দিয়ে আগে স্যালাইনের মাধ্যমে বিষক্রিয়া এবং শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে পরে প্রয়োজনে ভ্যাকসিন প্রয়োগ করা হয়।
তিনি আরও জানান, গত দুই মাসে সাপের কামড়ে আক্রান্ত ১২ থেকে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
একাধিক বিশ্বস্ত সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসা না নিয়ে তারা ওঝার কাছে নিয়ে যান চিকিৎসা করাতে। পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply