
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি:
মৌসুমের আগেই নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন বাজারে উঠেছে লিচু। তবে এসব লিচুর বেশিরভাগই অপরিপক্ব হওয়ায় স্বাদ কম হলেও চড়া দামে বিক্রি হচ্ছে। পক্ষান্তের স্বাস্থ্য ঝুঁকি বাড়ার আশংকা রয়েছে।
৭ ও ৮ মে ভান্ডারপুর ও গোঁবরচাপা বাজার ঘুরে দেখা যায়, ভ্রাম্যমাণ দোকানে সবুজ ও হালকা লাল রঙের লিচু বিক্রি হচ্ছে। প্রতি ১০০ পিচ লিচু ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারেও এগুলো মৌসুমের লিচুর তুলনায় ছোট।
বিক্রেতারা জানান, আগেই বেশি দামে বাগান কিনে রাখায় এবং ঝড়বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় তারা আগেভাগেই লিচু বিক্রি করছেন। ক্রেতারা বলছেন, স্বাদ কম হলেও শিশুদের আবদার বা নতুন ফলের আকর্ষণে তারা কিনছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অধিকাংশ লিচুই এখনো পরিপক্ব হয়নি, ভালো মানের লিচু পেতে আরও এক-দুই সপ্তাহ সময় লাগবে। আর চিকিৎসকেরা সতর্ক করে বলেছেন, অপরিপক্ব লিচু খেলে পেটে সমস্যা ও স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে।
Leave a Reply