
মশিউর রহমান খান, বিশেষ প্রতিবেদক
২০ মে ২০২৬
রাজধানীর বনশ্রী ডি ব্লকের ৫ নম্বর রোডের ২ নম্বর বাসার একটি বাণিজ্যিক ভবনে নির্মাণকাজ চলাকালে গ্লাস পড়ে দুই পথচারী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন স্থানীয় একটি মাংসের দোকানের কর্মচারী সাকিব ও আরাফাত। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ভবনটিতে কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা বা প্রটেকশন ছাড়াই নির্মাণকাজ চলছিল। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে ভবনের ওপর থেকে একটি গ্লাস নিচে পড়ে গেলে রাস্তার পাশে থাকা দোকানের ভেতরে থাকা ওই দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নিকটস্থ একটি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এলাকাবাসীর আরও দাবি, ব্যস্ত সড়কের পাশে অবস্থিত ভবনটির আশপাশে একটি মাদ্রাসা রয়েছে, যেখানে শিশুদের চলাচলও থাকে। ফলে নিরাপত্তাহীনভাবে নির্মাণকাজ পরিচালনায় বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি ছিল।
ভবনের মালিক সিরাজুল্লাহ কাউসার অভিযোগের বিষয়ে বলেন, “প্রটেকশন ছাড়াই কাজ চলছিল। বিষয়টি বনশ্রী সোসাইটি জানে।” ভবনের অনুমোদন ও ব্যবহার সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি বলে জানা গেছে।
এ বিষয়ে বনশ্রী সোসাইটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়দের অভিযোগ, বর্তমানে সোসাইটির কোনো কার্যকর কমিটি না থাকায় বিষয়টি নজরদারির বাইরে রয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply