
নিজস্ব প্রতিবেদক:
নওগাঁর মান্দা উপজেলায় সরকারি বরাদ্দের ভিজিএফের চাল অবৈধভাবে মজুদ ও কালোবাজারিতে বিক্রির অভিযোগে অভিযান চালিয়ে ৯০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বিকেলে নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মান্দা উপজেলার ৬নং মৈনম ইউনিয়নে দরিদ্র মানুষের জন্য বরাদ্দকৃত সরকারি ভিজিএফের চাল অবৈধভাবে পাচার করা হচ্ছে। পরে তার নির্দেশনায় মান্দা থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশ জানতে পারে, মৈনম ইউনিয়ন পরিষদের দুস্থ মানুষের মাঝে বিতরণের জন্য বরাদ্দকৃত ভিজিএফের চাল স্থানীয় বাসিন্দা মোঃ বাবু মন্ডল (৫৬) তার বাড়ির পাশে টিনশেড রান্নাঘরে মজুদ করে অধিক দামে বিক্রির পরিকল্পনা করছিলেন।
পরে ২০ মে ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে ৯০০ কেজি সরকারি ভিজিএফের চাল জব্দ করে।
এদিকে একইদিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে নিন্দইন ব্রিজ মোড় থেকে মৈনম বাজার হয়ে বাবু মন্ডলের বাড়ির দিকে যাওয়ার পথে মোঃ আইয়ুব আলীর দোকানের সামনে একটি ভ্যানে চাল বহন করতে দেখে পুলিশ। এ সময় ভ্যানচালক মোঃ উজ্জল সাকিদারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি জানান, সরকারি টিসিবি ও ভিজিএফের চাল সংগ্রহ করে বাবু মন্ডলের বাড়িতে রাখা হচ্ছিল, যা পরে বেশি দামে বিক্রি করা হতো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে উজ্জল সাকিদার স্বীকার করেন, তার ভ্যানে থাকা চাল বাবু মন্ডলের বাড়িতে নেওয়া হচ্ছিল। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত উজ্জল সাকিদারসহ পলাতক বাবু মন্ডল ও অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫-ডি ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। একজন আসামিকে গ্রেফতার করা হলেও এর সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Leave a Reply