
মো. হারুন অর রশিদ, বগুড়া জেলা প্রতিনিধি
বগুড়ার কাহালু উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি বাসকে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। বুধবার (২৭ মে ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২:৪৫ ঘটিকার সময় কাহালু থানাধীন নারহট্ট ইউনিয়ানের পাগলা পীর বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-ট ১৮-৭৫৯১ নম্বরের একটি ট্রাক উক্ত এলাকায় পৌঁছালে সেখানে চাকা পাংচার হয়ে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহনের ব্যানারে চালিত ঢাকা মেট্রো-ব ১৪-৫৩০২ নম্বরের একটি বাসকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস ও ট্রাকের কয়েকজন আহত হন।
দুর্ঘটনায় গুরুতর আহত হন বাসের সুপারভাইজার উত্তম মণ্ডল (৪৪), পিতা শ্রী জিতেন্দ্র নাথ মণ্ডল, সাং- কোমারপুর, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ এবং ট্রাকের হেল্পার হৃদয় (৩০), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- মালশুন, থানা- আদমদীঘি, জেলা- বগুড়া।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। এসময় কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো ও এসআই সজল চন্দ্র দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত থেকে আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
পরে চিকিৎসাধীন অবস্থায় বাসের সুপারভাইজার উত্তম কুমার মণ্ডল রাত ৪:২০ মিনিটে এবং ট্রাকের হেল্পার হৃদয় সকাল ৮:১৬ মিনিটে মৃত্যুবরণ করেন।
এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে নিরাপদ যান চলাচল নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
Leave a Reply