পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এর পদত্যাগ
প্রকাশের সময় :
সোমবার, ১ জুন, ২০২৬
১০২
বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেছেন। আজ সোমবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি মন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন দীপেন দেওয়ান। পরে ১৭ ফেব্রুয়ারি মন্ত্রিসভার সদস্য হিসেবে শপথ নেন এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পান। এটি ছিল তাঁর প্রথম সংসদ সদস্য হওয়া এবং প্রথমবারের মতো মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হওয়া।
দীপেন দেওয়ান দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দলটির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বাবা সুবিমল দেওয়ান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা এবং রাঙামাটি জেলা বিএনপির অন্যতম প্রতিষ্ঠাতা নেতা।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করার পর সপ্তম বিসিএসের মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসে যোগ দেন দীপেন দেওয়ান। প্রায় দুই দশক বিচার বিভাগে চাকরি করার পর ২০০৬ সালে রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য চাকরি ছেড়ে দেন। এরপর তিনি জেলা ও কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির বিভিন্ন দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা পেরিয়ে এবারের নির্বাচনে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। পরে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পান।
১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠার পর বিভিন্ন সময়ে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের প্রতিনিধিরা এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সেই ধারাবাহিকতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ানকে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
তবে দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে তিন মাসের মাথায় শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করলেন।
Leave a Reply