
মশিউর রহমান খান, জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ (পুশইন) প্রতিরোধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের হাটখোলা সীমান্তসংলগ্ন সীমান্তপুর উচ্চবিদ্যালয় মাঠে এ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন ধরঞ্জী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসনিন।
সভায় উপস্থিত ছিলেন হাটখোলা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মোতালেব হোসেন, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তি এবং সীমান্ত এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ইউএনও কাশপিয়া তাসনিন বলেন, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও বিজিবি তৎপর রয়েছে। দায়িত্ব পালনে বিজিবি সদস্যরা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। এ কারণে সীমান্তবাসীর আতঙ্কিত হওয়ার কারণ নেই।
তিনি আরও বলেন, এলাকায় কোনো অপরিচিত বা সন্দেহজনক ব্যক্তির উপস্থিতি কিংবা অস্বাভাবিক কোনো ঘটনা নজরে এলে দ্রুত বিজিবি বা প্রশাসনকে জানাতে হবে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা গুরুত্বপূর্ণ।
সভায় বক্তারা বলেন, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সীমান্তবর্তী জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে সীমান্ত নিরাপত্তা ও জনস্বার্থে প্রশাসন, বিজিবি এবং স্থানীয় জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।
Leave a Reply