
নিজস্ব প্রতিবেদক,
নওগাঁর বদলগাছী উপজেলায় রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের ধাক্কায় সাহিদা (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার ভান্ডারপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানসহ চালককে আটক করেছে পুলিশ।
নিহত সাহিদা উপজেলার ভান্ডারপুর পূর্বপাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক পৌনে ৯টার দিকে সাহিদা ভান্ডারপুর বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় আক্কেলপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য আক্কেলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্যোগ নেয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তাঁর মৃত্যু হয়।
ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা পিকআপ ভ্যানটি আটকে দেয় এবং চালককে পুলিশের হাতে তুলে দেয়। আটক চালক জাহাঙ্গীর আলম (২০) ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দক্ষিণ নুরকোলা গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের ভাষ্য, বাজার এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও অসতর্ক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, দুর্ঘটনায় জড়িত পিকআপ ভ্যান ও চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply