
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর দক্ষিণখানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক এএসআই ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার এএসআই মো. শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) দিবাগত রাতে উত্তরা আজমপুর কাঁচাবাজার ও বিসমিল্লাহ পল্লী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (২৪ আগস্ট) দক্ষিণখান থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ডিএমপির পল্লবী থানার এএসআই মো. শফিকুল ইসলাম (৪৩) এবং ওয়াসিম (২৪)।
পুলিশ সূত্রে জানা যায়, আজমপুর কাঁচাবাজার এলাকায় ইয়াবা বিক্রির খবর পেয়ে অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওয়াসিম। পরে তাকে আটক করে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে ওয়াসিমের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ভাড়া বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকে এএসআই শফিকুল ইসলামকে ২০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
পরে গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য অনুযায়ী আজমপুর কাঁচাবাজারের বিসমিল্লাহ পল্লীর ৬৭ নম্বর নূর বিল্ডিংয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাট থেকে আরও ৫ হাজার ১১০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ৫ হাজার ৩১০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
দক্ষিণখান থানার এসআই বখতিয়ার হোসেন জানান, মাদক বিক্রির গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। গ্রেপ্তার দুজনের দেওয়া তথ্য যাচাই করে মাদকের বড় একটি চালান উদ্ধার করা হয়েছে।
দক্ষিণখান থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহিনুর রহমান বলেন, এ ঘটনায় সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দুজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে এএসআই শফিকুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি পল্লবী থানা পুলিশও অবগত হয়েছে। পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) এমদাদুল হক জানান, শফিকুল ইসলাম পল্লবী থানায় অনিয়মিত হিসেবে দায়িত্ব পালন করতেন। তার গ্রেপ্তারের বিষয়টি তারা শুনেছেন।
Leave a Reply