
বিশেষ প্রতিনিধি:
নওগাঁ শহরে মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দে চলাচলের অভিযোগে এক কিশোরকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ। একই সঙ্গে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মুক্তির মোড় জেলা পরিষদ পার্কের সামনে থেকে মোটরসাইকেলটি আটক করা হয়।
জরিমানাপ্রাপ্ত সাকলাইন মোস্তাক বগুড়ার আদমদীঘি উপজেলার দেলুনজো গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পরিবারের সঙ্গে নওগাঁ শহরের চকদেব জনকল্যাণ মহল্লায় ভাড়া বাসায় থাকেন।
স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন ধরে সাকলাইন একটি সুজুকি জিক্সার ১৫০ সিসি মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে শহরের বিভিন্ন সড়কে বিকট শব্দে চলাচল করছিলেন। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছিল।
মঙ্গলবার দুপুরে মুক্তির মোড় এলাকায় স্থানীয় কয়েকজন মোটরসাইকেলটি আটক করে ট্রাফিক পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।
নওগাঁ ট্রাফিক পুলিশের সার্জেন্ট জগদীশ চন্দ্র বলেন, মোটরসাইকেলের সাইলেন্সর পরিবর্তন করে বিকট শব্দ সৃষ্টি করা সড়ক পরিবহন আইনে নিষিদ্ধ। এ ছাড়া ওই কিশোরের ড্রাইভিং লাইসেন্সও ছিল না। এসব কারণে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, জব্দ করা মোটরসাইকেলটির পরিবর্তিত সাইলেন্সর খুলে নেওয়া হবে। সেটি আর ফেরত দেওয়া হবে না।
Leave a Reply